
শনিবার, ২২ আগস্ট সকাল ৯টায় নিউইয়র্ক অঙ্গরাজ্যের অলবানিতে অবস্থিত এম্পায়ার স্টেট প্লাজা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে “২য় আন্তর্জাতিক ইসলামিক কনভেনশন ও মিলাদ উদযাপন ২০২৬”। নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স আয়োজিত এই ধর্মীয় সম্মেলনে উত্তর আমেরিকা ও যুক্তরাজ্যের খ্যাতনামা ইসলামী চিন্তাবিদ, আলেম ও নাত শিল্পীরা অংশগ্রহণ করবেন।
সম্মেলনে বক্তব্য রাখবেন শায়খ ইয়াসির ফাহমি, সাইফুল আজম আল-আজহারী, ইয়াহইয়া আল-নিনোয়ী, ইউসুফ আজহারী, সৈয়দ হাসান মাইজভাণ্ডারী, খুশতার নূরানী, মনজারুল ইসলাম আজহারী, বিলাল খান, সাজ্জাদ রাজা, আদনান রোকাদিয়া, মুহাম্মদ আবু বকর এবং ইমাম জামির সাত্তার। বিশেষ অতিথি বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আজমীর শরীফ দরগাহর খাদেম-ই-খাজা সৈয়দ সরওয়ার চিশতী।
আয়োজক সংগঠনটি জানিয়েছে, এই কনভেনশনের মূল লক্ষ্য মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ তুলে ধরা এবং উত্তর আমেরিকায় মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও ধর্মীয় সচেতনতা বৃদ্ধি করা। অনুষ্ঠানটি স্থানীয় ও প্রবাসী মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে বলে জানা গেছে।

