
“সবকিছুর খরচই বাড়ছে। আমাকে জিজ্ঞেস করলে বলব, এটা একটা সংকট।” বলছিলেন ডেল মন্টে নর্থ আমেরিকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড্যানি ডুমাস। ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রের কলা শিল্প এখন বড় চাপে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ শুরুর সাত মাসে যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম প্রায় ৭০ শতাংশ বেড়ে এক পর্যায়ে গ্যালনপ্রতি ৬ ডলার ছাড়িয়েছে। জাহাজের জ্বালানি ও কৃষকদের সেচের খরচও বেড়েছে। কলা হাজার হাজার মাইল পথ হিমায়িত অবস্থায় আনতে হয় বলে এ ফল অন্য খাদ্যপণ্যের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আমেরিকানরা বছরে গড়ে প্রায় ৮০টি কলা খান, তবু এ ফলে মুনাফা খুব কম। ক্রেতা টানতে দোকানগুলো কলার দাম কম রাখে, আগস্টে প্রতি পাউন্ডের গড় দাম ছিল প্রায় ৬৫ সেন্ট, যা এক দশকে প্রায় অপরিবর্তিত। এর সঙ্গে রোগবালাই, জলবায়ু পরিবর্তন, শুল্ক ও তীব্র এল নিনো যোগ হয়ে চাপ আরও বেড়েছে।
তারপরও ডেল মন্টে, চিকিতা, ডোল ও ফাইফেস বিপুল পরিমাণ কলা আনা অব্যাহত রেখেছে। গুয়াতেমালা ও কোস্টারিকা থেকে আসা জাহাজ “ডেল মন্টে স্পিরিট” ফিলাডেলফিয়ার কাছের বন্দরে মাত্র ৪০ ঘণ্টায় খালাস করা হয়, যা সে সপ্তাহে দেশটিতে আসা কলার প্রায় ৭ শতাংশ বহন করছিল।

