
“শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের মিলনের উৎসব”—প্রবাসে বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের উৎসবমুখর আয়োজনের প্রেক্ষাপটে এমন অভিমতই উঠে আসছে সংশ্লিষ্টদের কথায়। এরই ধারাবাহিকতায় নিউইয়র্কে ‘গুলশান টেরেস (ঢাকা ক্লাব) দুর্গাপূজা ২০২৬’ উপলক্ষে সাজছে তিন দিনের জমকালো সংগীতানুষ্ঠান।
আগামী ১৮ অক্টোবর, রোববার সন্ধ্যা ৭টা থেকে রাত ১টা পর্যন্ত চলবে ‘লাইভ কনসার্ট’। এতে গানে গানে মাতাবেন বাংলাদেশের জনপ্রিয় দুই শিল্পী মৌসুমী ও দিনাত জাহান মুন্নী। তাঁদের সঙ্গে থাকবেন আরও একাধিক শিল্পী। নাচের পরিবেশনায় অংশ নেবে একটি নৃত্যদলও।

এরপর ২০ ও ২১ অক্টোবর মঞ্চে আসছেন কলকাতার শিল্পী প্রতিভা দত্ত। দুই দিনই রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত তিনি গান পরিবেশন করবেন। ২১ অক্টোবর, বুধবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত একই মঞ্চে গাইবেন শালিনী মুখার্জি।

সব অনুষ্ঠান হবে কুইন্সের উডসাইডে অবস্থিত গুলশান টেরেসে (৫৯-১৫, ৩৭ এভিনিউ, উডসাইড, নিউইয়র্ক ১১৩৭৭)। পূজার আনন্দের সঙ্গে সংগীতের সুর মিলিয়ে প্রবাসী বাঙালিদের জন্য স্মরণীয় সন্ধ্যা উপহার দিতে চান আয়োজকরা। নিউইয়র্ক ও নিউজার্সিসহ আশপাশের এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শক-শ্রোতার উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।
অনুষ্ঠানগুলোর আয়োজক হিন্দু মিলন মেলা নিউইয়র্ক ইনক। সোশ্যাল কেয়ার নেটওয়ার্ক, এনওয়াইএসডিসি ও এএএ সুপ্রিম প্রপার্টি ম্যানেজমেন্ট এলএলসি আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছে।

