
আমেরিকার প্রেসিডেন্ট এডুকেশন এওয়ার্ড পেয়েছেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা। ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ঐতিহ্যবাহী নিজপানুয়া খন্দকার বাড়ির গর্বিত সন্তান, শিক্ষক, সাংবাদিক, উপস্থাপক ও নিউইয়র্ক কমিউনিটি অ্যাক্টিভিস্ট প্রফেসর সৈয়দ আজাদ ও জোবায়েদা জেসমিন সোহেলির ছোট মেয়ে সৈয়দা নুসরাত নিউইয়র্কের নলেজ অ্যান্ড পাওয়ার একাডেমি স্কুলে ২০২৬ শিক্ষাবর্ষে অষ্টম গ্রেডে সর্বোচ্চ নম্বর অর্জন করে ভ্যালেডিক্টোরিয়ান নির্বাচিত হয়েছেন। পাশাপাশি সার্বিক কার্যক্রমে অসামান্য অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ প্রেসিডেন্ট, সিভিক অ্যাম্বাসাডর ও সিনেট অ্যাওয়ার্ডসহ মোট সাতটি এওয়ার্ড অর্জন করেছেন তিনি।
নুসরাতের এই সাফল্যে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন নিউইয়র্কের বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ।

ভবিষ্যৎ পরিকল্পনা ও স্বপ্নের কথা জানতে চাইলে সৈয়দা নুসরাত বলেন, তিনি ভবিষ্যতে একজন আইনজীবী হয়ে দেশ ও প্রবাসের অবহেলিত মানুষের সেবা করতে চান। তাঁর ভাষায়, শুধু নিজের ভাগ্য পরিবর্তন নয়, সমাজ ও রাষ্ট্রের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করাই তাঁর লক্ষ্য।
নুসরাতের এই অদম্য পথচলা শুধু তাঁর পরিবারের জন্যই নয়, গোটা প্রজন্মের জন্যই এক বড় অনুপ্রেরণা হয়ে উঠেছে। তাঁর মতো মেধাবীরাই দেশের ভবিষ্যৎ বলে মনে করছেন কমিউনিটির অনেকে।
মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে দৈনিক আজকাল পত্রিকাকে সৈয়দ আজাদ বলেন, তাঁর বড় মেয়ে সৈয়দা নূর-ই-জান্নাতও আল্লাহর দেওয়া অসাধারণ মেধার অধিকারী এবং তিনিও অনেক এওয়ার্ড অর্জন করেছেন; বড় মেয়ের অনুপ্রেরণাতেই ছোট মেয়ের এই অর্জন বলে তিনি মনে করেন। তিনি তাঁর দুই সন্তানের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন, যাতে তারা মানবিক গুণাবলি অর্জন করে দেশ ও দেশের মানুষের কল্যাণে নিজেদের উৎসর্গ করতে পারে।

