
দিল্লির বিখ্যাত শাহী জামে মসজিদের নকশার অনুকরণে ১৮ শতকে নির্মিত ঐতিহাসিক বজরা শাহী মসজিদ, এবং জয়াগ এ মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত জনহিতকর ও সেবামূলক প্রতিষ্ঠান গান্ধী আশ্রমের মতো ঐতিহ্যকে ধারণ করে নোয়াখালী জেলার একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকা হলো সোনাইমুড়ি উপজেলা ও পৌরসভা। সেই এলাকার নিউইয়র্ক প্রবাসীদের উদ্যোগে সোনাইমুড়ী ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনক শনিবার ব্রুকলিনের প্রসপেক্ট পার্কে আয়োজন করে বনভোজন ও মিলনমেলা।

প্রকৃতির নির্মল পরিবেশ ও সৌন্দর্যবেষ্টিত এই পার্কে সোনাইমুড়ীবাসীরা স্বপরিবারে অংশগ্রহণ করে অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলেন। দুপুরে বাঙালিয়ানা স্বাদে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়, এরপর অনুষ্ঠিত হয় সংগীত অনুষ্ঠান। পরে স্বর্ণের চেইন, এয়ার টিকেট, ইলেকট্রিক বাইক, ল্যাপটপ ও টিভিসহ ১০টি আকর্ষণীয় পুরস্কার রাফেল ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়।

সংগঠনের নেতৃত্বে ছিলেন বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ -এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাজমুল হাসান মানিক এবং সোনাইমুড়ী ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনক-এর প্রেসিডেন্ট শাহ নাসের (স্বপন)। এছাড়া আহবায়ক জয়নাল আবেদীন (আলমগীর), সদস্য সচিব ইকবাল হোসেন ও কোষাধ্যক্ষ এম এ হোসেন পাটোয়ারীর পাশাপাশি আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতায় ছিলেন আশরাফুল হাসান।

আয়োজকরা জানান, সোনাইমুড়িসহ আশপাশের এলাকা এবং বৃহত্তর নোয়াখালীর প্রায় ৩ হাজার অতিথির বনভোজনে অংশ নেয়। প্রবাস জীবনের ব্যস্ততার মাঝে এমন মিলনমেলা কেবল আনন্দ-বিনোদনই নয়, বরং নিজেদের শিকড়ের সঙ্গে সংযোগ ধরে রাখারও এক প্রয়াস।###

