সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রচ্ছদUncategorizedএকসময় হিন্দি সিনেমাও আমেরিকায় চলত না। এখন বক্স অফিসে সাফল্য পাচ্ছে। একদিন...

একসময় হিন্দি সিনেমাও আমেরিকায় চলত না। এখন বক্স অফিসে সাফল্য পাচ্ছে। একদিন বাংলা সিনেমাও আমেরিকায় সম্মানজনক স্থান করে নিবে।।

“একসময় আমেরিকায় হিন্দি সিনেমার প্রদর্শনীর ব্যবস্থা ছিল না। অথচ এখন আমেরিকার বাজারে ভারতের বিভিন্ন ভাষার সিনেমা বক্স অফিসে সাফল্য পাচ্ছে। তেমনি আমরাও ২০১৬ সালে ছোট্ট পরিসরে বাংলা সিনেমা ‘মনপুরা’ দিয়ে শুরু করি। এরপর ‘আয়নাবাজি’ সিনেমা চার/পাঁচটি শহরের প্রদর্শনীর ব্যবস্থা করি। তৃতীয় সিনেমা ‘ডুব” দিয়ে নিউইয়র্কসহ ব্যাপক পরিসরে প্রদর্শনীর মাধ্যমে আক্ষরিক অর্থে বায়োস্কোপ ফিল্মসের যাত্রা শুরু হয়। দর্শকরা পছন্দ করে সেই সব বাংলা সিনেমা আমরা সবাইকে দেখাতে চাই।”

গতকাল বৃহস্পতিবার বিকেলে এস্টোরিয়ার টাইম টেলিভিশন স্টুডিওতে ‘টাইম টক’ এর এক লাইভ শো’তে ৫০ তম সিনেমার প্রদর্শনী উপলক্ষে বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার নওশাবা রুবনা রশীদ এই সব কথা বলেন।

শুক্রবার রায়হান রাফী পরিচালিত শাকিব খানে ও জয়া আহসান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমার যুক্তরাষ্ট্রে শুভ মুক্তি উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় ছিলেন বিশিষ্ট লেখক ও সঙ্গীত পরিচালক তানভীর তারেক।

সিনেমা পাগল নওশাবা রুবনা রশীদ আরো বলেন, মূলত আমি এবং আমার হাজব্যান্ড রাজ হামিদ দুজনেই ফিল্ম ভালোবাসি। তাই আমরা স্বপ্ন দেখি বাংলা সিনেমাকে আমেরিকায় একটা সম্মানজনক অবস্থানে পৌঁছে দেওয়ার। গত আট বছর ধরে বায়োস্কোপ ফিল্মস সেই জার্নিটাই করছে। বায়োস্কোপ ফিল্মসের ৫০ তম সিনেমা ‘তান্ডব’ নিয়ে আমাদের ব্যাপক আগ্রহ রয়েছে। তাণ্ডব সিনেমা আমেরিকার দর্শকদের মনে তাণ্ডব সৃষ্টি করবে বলে আমরা আশা রাখি।

টাইম টক এর উপস্থাপকের এক প্রশ্নের জবাবে বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার জানান, সামার বা গ্রীষ্মকালে আমেরিকায় বিশেষ করে নিউইয়র্কে বাংলা ছবি চালানোর জন্য সিনেমা হল বা থিয়েটার পাওয়া বেশ কঠিন। কারণ জুন থেকে আগস্টের এই সময় হলিউডের বিশাল বাজেটের ছবি সহ জনপ্রিয় ডিজনি ছবি গুলো মুক্তি পায়। এছাড়া ভারতের হিন্দি, তামিল, মারাঠি সহ বিভিন্ন ভাষা এবং সারা বিশ্বের নামকরা ছবিগুলো একসাথে মুক্তি পায়। তাই এই সময় বাংলা সিনেমার জন্য হল পাওয়া সত্যিই দুরূহ ব্যাপার।

তবে তান্ডব’ ছবির ওভারসিজ রিলিজের দায়িত্ব পাওয়া নওশাবা রুবনা রশীদ বলেন, কঠিন প্রতিযোগিতার পরও ১৩ জুন শুক্রবার আমেরিকার ২০টি সিনেমা হলে ‘তাণ্ডব’ মুক্তি পাবে। পরের সপ্তাহ থেকে নতুন করে আরো ২০টি সিনেমা হল যুক্ত হলে ‘তান্ডব’ সিনেমার প্রদর্শনী বাড়বে। নিউইয়র্কের কিউ গার্ডেনস সিনেমায় শুক্রবার থেকে বৃহস্পতিবার ‘তান্ডব’ সিনেমার টানা তিনটি শো চলবে। ইতিমধ্যে এই হলের ৩/৪ দিনের সব শো’র টিকিট অগ্রিম বিক্রি হয়ে যাওয়ায় ‘তান্ডব’ সিনেমা হাউস ফুল যাচ্ছে। আমরা আশা করছি ‘তাণ্ডব’ সিনেমাটি আগামী চার/পাঁচ সপ্তাহ পর্যন্ত দর্শকদের হলে ধরে রাখবে। এরপর দর্শকদের চাহিদা বৃদ্ধি পেলে প্রদর্শনী অব্যাহত রাখা হবে।

রায়হান রাফি পরিচালিত ‘তান্ডব’ ছবিটি বায়োস্কোপ ফিল্মসের ৫০তম পরিবেশনা এবং সেই সাথে ছবিটি মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারের ২৬ বছর পূর্তির চলচ্চিত্র। উল্লেখ্য এবারের ঈদুল আজহায় দেশের সিনেমা জগতকে নতুন ভাবে আলোড়িত করেছে মেগাস্টার শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমাটি। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্র জানায়, একটি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনাকে কেন্দ্র করে এগিয়ে যাবে সিনেমার গল্প। ছবির গল্প রচনায় রয়েছেন পরিচালক নিজেই, এবং চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান ও রায়হান রাফি যৌথভাবে।

নওশাবা রুবনা রশীদ মেগা স্টার শাকিব খান প্রসঙ্গে বলেন, ‘শাকিব খানের ছবির ক্ষেত্রে সবসময়ই একটু বড় পরিসরেই ভাবতে হয়। কারণ তার ফ্যানবেজটা বিশাল। এবারেও তার ব্যতিক্রম হচ্ছে না। ঈদ উপলক্ষে এটি এবারের ঈদের সবচেয়ে বড় বাজেট ও তারকাবহুল সিনেমা। যেখানে শাকিব খানের সঙ্গে দেখা যাবে আফজাল হোসেন, জয়া আহসান, সাবিলা নূর, ফজলুর রহমান বাবু, সুমন আনোয়ার, সিয়াম আহমেদসহ একাধিক তারকাকে। ছবিটি প্রযোজনা করছে আলফা আই ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।###

 

 

 

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ