‘প্রবাসী নতুন প্রজন্মই হোক আগামী ফোবানার শক্তি’- এই প্রতিপাদ্য নির্ধারণ করে আগামী ২৯, ৩০, ৩১ আগস্ট নিউইয়র্কের নায়াগ্রার হোটেল শেরাটনে ‘ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশনস অব নর্থ আমেরিকা’-ফোবানার ৩৯তম সম্মেলন আয়োজন করা হচ্ছে।
গতকাল সোমবার (১৬ জুন) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের এক রেস্তোরাঁয় ৩৯তম ফোবানা সম্মেলন ২০২৫ উপলক্ষ্য ফোবানা স্টেয়ারিং কমিটি কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্টিয়ারিং কমিটি চেয়ারম্যান শাহ নেওয়াজ এক লিখিত বক্তব্যে এসব কথা বলেন।
সম্মেলনে স্টিয়ারিং কমিটির সদস্য ও ৩৯তম ফোবানা সম্মেলনের এডমিন গিয়াস আহমেদ বলেন,গত দুই বছর আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝির কারণে আমরা পৃথকভাবে সম্মেলন করেছিলাম। কিন্ত পৃথক সম্মেলন করলেও মন এবং মননে আমরা ফোবানার লক্ষ্য থেকে কখনো বিন্দুমাত্র বিচ্ছুত হয়নি। তাই আমাদের মধ্যকার সব ধরণের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে ৩৯তম ফোবানা সম্মেলন আমরা ঐক্যবদ্ধভাবে আয়োজন করতে যাছি। পাশাপাশি ফোবানার বিভক্ত সকল গ্রুপকে জাতীয় স্বার্থে দল মতের উর্ধ্বে ওঠে সব ধরনের ভেদাভেদ ভুলে গিয়ে এক ফোবানার পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ার জন্য তিনি সকলের প্রতি উদাত্ত আহবান জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য সহ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে জানানো হয় যে, ৩৯তম সম্মেলনে বাংলা একাডেমির সাহিত্য পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট লেখক ও বুদ্ধিজীবী অধ্যাপক সলিমুল্লাহ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া এবারের ৩৯তম সম্মেলনে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, সিম্পোজিয়াম এবং অন্যান্য কার্যক্রমের পাশাপাশি যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতি, সংস্কৃতির সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক সেতুবন্ধন রচনার জোর প্রয়াস থাকবে।
তাছাড়া এবারের ফোবানা সম্মেলন উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের জন্য একটি মিলনমেলা এবং নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ক্ষেত্রে নতুন ইতিহাসের জন্ম দেবে। বাংলাদেশের কৃষ্টি, কালচার, সাহিত্য-সংস্কৃতিতে সৃজনশীলতাকেও এবারের সম্মেলনে প্রাধান্য দেয়া হবে। প্রবাসীদের নিয়ে বিজনেস নেটওয়ার্ক তৈরি ও অভিজ্ঞতা বিনিময়, বিজনেস লাঞ্চ, বাংলাদেশের শিল্প, সাহিত্য, সাংস্কৃতিক, কৃষ্টি, ঐতিহ্য তুলে ধরে বিভিন্ন আসর, ইয়ুথ গ্রুপের কার্যক্রম বৃদ্ধিসহ নানা বিষয়ের ওপর অগ্রাধিকার দেয়া হবে।এবারেও ফোবানার কার্যক্রম নিয়ে একটি ম্যাগাজিন বা স্মরণিকা প্রকাশ করা হবে।
এছাড়া আমাদের এবারের সম্মেলনের ‘প্রবাসী নতুন প্রজন্মই হোক আগামী ফোবানার শক্তি’ মূল প্রতিপাদ্যকে প্রাধান্য দিয়ে প্রবাসের নতুন প্রজন্মকে কিভাবে ফোবানার সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি ও দায়িত্ব দেয়া যায় সে বিষয়ে প্রাধান্য থাকবে। এছাড়া বাংলাদেশ এবং প্রবাসের শিল্পীদের নিয়ে একটি নান্দনিক অনুষ্ঠান উপহার, ইস্যুভিত্তিক সেমিনারগুলোতে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ পর্যায়ে ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানানো হবে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন স্টিয়ারিং কমিটি সদস্য ডা. মাসুদুর রহমান, স্টিয়ারিং কমিটি এক্সিকিউটিভ সেক্রেটারি কাজী সাখাওয়াত হোসেন আজম, স্টিয়ারিং কমিটি সদস্য মঈনুল হক চৌধুরী হেলাল প্রমুখ। ######


