
নিউ ইয়র্কের ব্রুকলিনের কোনি আইল্যান্ডেস্থ নিউকার্ক এভিনিউর বাংলাদেশি অধ্যুষিত সুপ্রসিদ্ধ বেলাল মসজিদ ইসলামিক স্কুলের সামার গ্রাজুয়েশন ও স্বাস্থ্য সচেতনতামূলক সিম্পোজিয়াম বৃহস্পতিবার (২৮ অগাস্ট) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক স্কুলের এই বর্ণাঢ্য অনুষ্ঠানে মসজিদের মুসল্লি, শিক্ষার্থী, অভিভাবক, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, একাধিক চিকিৎসক এবং হাসপাতালের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ ড. মুফতি আনসারুল করিম আজহারী।

অনুষ্ঠানের শুরু হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে। এরপর ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক (পারফরম্যান্স) পরিবেশিত হয়। সমাপনী ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়, যা উপস্থিত সকলের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।
গ্রাজুয়েশন পর্ব শেষে শুরু হয় স্বাস্থ্য সিম্পোজিয়াম। কমিউনিটির পরিচিত চিকিৎসক ড. সুবেন্দ কুন্ডুর আলোচনার মাধ্যমে এই পর্বের সূচনা হয়। মাইমনিডিস হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান ড. বারলাক তার নোট স্পীচে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেন। উপস্থিত ছিলেন মাইমোনিডিস হসপিটালের ভাইস প্রেসিডেন্ট মি: ডগলাস জেবলন । এরপর চিকিৎসকদের একটি দল স্বাস্থ্য সচেতনতা সম্পর্কিত (তাদের) প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

বেলাল মসজিদের প্রেসিডেন্ট সেক্রেটারী মৌলানা জয়নাল আবেদিন অনুষ্ঠানের সাফল্যে সকল উপস্থিত অতিথি, চিকিৎসক দল এবং কমিউনিটির সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রিন্সিপাল ড. মুফতি আনসারুল করিম আজহারী তার বক্তব্যে বলেন, “বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলা, বিশেষ করে পশ্চিমা বিশ্বে আমাদের ঈমান-আকীদা ও সংস্কৃতি রক্ষায় ইসলামী শিক্ষার কোনো বিকল্প নেই। বেঁচে থাকার জন্য অক্সিজেন যেমন অপরিহার্য, তেমনি আমাদের ধর্মীয় অস্তিত্ব রক্ষায় মাদরাসা তথা ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানও অনুরূপভাবে গুরুত্বপূর্ণ। সুস্থ থাকতে স্বাস্থ্যকর জীবনযাপনের শিক্ষাও আমরা ইসলাম থেকে পাই।”

তিনি আরও বলেন, “বেলাল মসজিদ, এর কমিটি এবং কমিউনিটির পক্ষ থেকে স্বাস্থ্য সচেতনতামূলক এমন কার্যক্রম একটি যুগান্তকারী পদক্ষেপ। মাইমনিডিস হাসপাতাল এবং কমিউনিটির চিকিৎসকগণ জনগণের কল্যাণে এগিয়ে এসেছেন যা সত্যিই প্রশংসার দাবিদার।” তিনি আশাবাদ ব্যক্ত করেন যে মসজিদ কেবল নামাজের জায়গাই নয়, বরং কমিউনিটির সামগ্রিক উন্নয়নেও এর ভূমিকা অব্যাহত থাকবে।
অনুস্টানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক শহিদুললাহ কায়ছার, আব্দুল মান্নান ও নিউকার্ক এলাকাসহ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ । অনুষ্ঠানটি শেষ হয় সকলের জন্য বিশেষ দোয়া এবং রিফ্রেশমেন্টের আয়োজনের মধ্য দিয়ে।####

