মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রচ্ছদUncategorizedমুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক ও পুনর্মিলনী অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক ও পুনর্মিলনী অনুষ্ঠিত

নিউইয়র্কে নিজস্ব “বিক্রমপুর ভবন” নির্মাণেরও আশাবাদ ব্যক্ত করা সহ স্মৃতি, সম্প্রীতি আর ভালোবাসার বন্ধনে একত্রিত হওয়ার আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশন ইনক-এর অভিষেক ও পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৬। বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কের উডসাইডের গুলশান টেরেসে এই মিলনোৎসবে সমবেত হন মুন্সীগঞ্জ ও বিক্রমপুরের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত প্রবাসী।

বিক্রমপুরের মাটি থেকে হাজার মাইল দূরে প্রবাসের ব্যস্ত জীবনে দেশের সুর, পরিচিত মুখ আর জন্মভূমির স্মৃতি নিয়ে সাজানো হয়েছিল এই আয়োজন। একই ছাদের নিচে মিলিত হয়ে যেন এক মুহূর্তের জন্য সকলে ফিরে যান পদ্মাপাড়ের সেই চেনা আঙিনায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি এম আজিজ। নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কাজী এম আর খান সেলিম, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন মাসুদ রানা তপন, সঙ্গে ছিলেন নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা।

বক্তারা বলেন, আগামী প্রজন্মকে সাথে নিয়ে সকলে একবদ্ধভাবে এগিয়ে যাওয়াই এখন সময়ের দাবি  যেন মাতৃভূমির শিকড় ও পরিচয় নতুন প্রজন্মের মাঝেও ছড়িয়ে পড়ে।

অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, অ্যাটর্নি মইন চৌধুরী, ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল বেহেদু, নোয়াখালী সোসাইটির সাধারণ সম্পাদক এএসএম মাঈন উদ্দিন পিন্টু, সন্দ্বীপ সোসাইটির প্রেসিডেন্ট ফিরোজ আহমেদ, নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের সভাপতি জেএফএম রাসেলসহ আরও অনেকে।

অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করেন প্রবাসের বিশিষ্ট শিল্পীগোষ্ঠী। সুর ও তালের মূর্ছনায় মুগ্ধ হন উপস্থিত দর্শক-শ্রোতারা।

মুন্সীগঞ্জ-বিক্রমপুরের প্রবাসী সমাজের জন্য এই অনুষ্ঠান শুধু একটি সাংগঠনিক অভিষেক নয় — এটি একটি আবেগের পুনর্মিলন, একটি প্রজন্মের পরিচয়, একটি মাতৃভূমির সাথে অদৃশ্য সুতোয় বোনা অটুট সংযোগ।

আরও পড়ুন
- Advertisment -spot_img

সর্বশেষ