
“সুনামগঞ্জের মাটির গন্ধ আমরা এই বনভোজনের মধ্য দিয়ে খুঁজে পাই প্রবাসের ব্যস্ত জীবনে,” সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ ইনক-এর সভাপতি তৌফিকুল আম্বিয়া টিপু এমন মন্তব্য করেন।
রবিবার (২ আগস্ট) নিউইয়র্কের ইয়ংকার্সে টিবেটস ব্রুক পার্কের প্যাভিলিয়ন এ-তে অনুষ্ঠিত হয় সংগঠনটির বার্ষিক বনভোজন। দিনব্যাপী চলা এই আয়োজনে প্রায় পাঁচশ অতিথি অংশগ্রহণ করেন।

বিভিন্ন বয়সী ছেলে মেয়েদের নানা ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা এবং মহিলাদের বালিশ খেলাসহ আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠানের মধ্য দিয়ে জমজমাট এই বনভোজন শেষ হয়। এছাড়া বিভিন্ন সুস্বাদু পদের বাঙালি খাবার পরিবেশন করা হয় অতিথিদের জন্য।
দিনব্যাপী ছোট ছোট আড্ডা, হৈ-হুল্লোড় ও গল্প-গুজবের মধ্য দিয়ে বনভোজনটি পরিণত হয় উৎসবে, মিলিত হয় প্রাণের এক মিলনমেলায় — যেন এক খণ্ড সুনামগঞ্জ প্রবাসেই উঠে আসে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম এবং স্পন্সরদের মধ্যে উপস্থিত ছিলেন তারেক আম্বিয়া ও হামজা কোরাশী।
কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জানালাবাদ সোসাইটির সভাপতি বদরুল ইসলাম খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, কিনু চৌধুরী, জাকির চৌধুরী সিপিএ, ছদরুন নূর, আবদুস শহীদ ও তোফায়েল চৌধুরী সহ আরও অনেক।

এছাড়া বনভোজন কমিটির আহ্বায়ক হুমায়ুন কবির সোহেল, যুগ্ম আহ্বায়ক ফয়সল আহমেদ, সদস্য সচিব দিনারুল ইসলাম এবং প্রধান সমন্বয়কারী মানিক আহমেদের নেতৃত্বে গঠিত আয়োজক কমিটি এবং কার্যনির্বাহী কমিটির অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন মোহাম্মদ আলী রাজা, মোতাহার রুবেল, শফিকুর রহমান, আব্দুল বারি চপলসহ আরও অনেকে।
সুনামগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক মান্না মুনতাসির অনুষ্ঠান সফল করার জন্য সকল অতিথি ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

